মোবাইল ইন্টারনেটের প্যাকেজ নিয়ে কঠোর অবস্থানে সরকার

৬ নভেম্বর, ২০২৩ ২১:৪৩  

মোবাইল ইন্টারনেটের দামে ১৪ অক্টোবরের পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়া কিংবা ৩ দিনের প্যাকেজ ৭ দিনে স্থানান্তরের বাইরে কোনো গতি থাকছে না মোবাইল অপারেটরদের। কেননা, এ বিষয়ে কঠোর অবস্থানেই থাকছে নিয়ন্ত্রণ কমিশন।

এ বিষয়ে রবিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর নেতৃত্বে বিটিআরসি’র ডাকা বৈঠকে অংশ না নিলেও পর দিন বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে চেয়েও আশাহত হতে হয়েছে মোবাইল অপারেটরদের। অপারেটরগুলোর প্রধান নির্বাহীদের নিয়ে সোমবার বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করার সময় চেয়েও তা পাননি মোবাইল অপারেটরগুলোর সংগঠন এমটবের মহাসচিব লে: কর্নেল মোহাম্মদ জুলফিকার (অবঃ)।

ডেটা প্যাকেজের দাম কমানোর নির্দেশনা নিয়ে বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মোবাইল ফোন অপারেটরগুলোর সিইওরা। সূত্রমতে, বাস্তবায়ন ছাড়া ইন্টারনেটের দাম কমানোর নির্দেশনা নিয়ে কোনো আলোচনা করতে রাজি নন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। তাই তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

এদিকে বেসরকারি তিন মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংক সিইও নতুন নির্দেশনা বাস্তবায়ন নিয়ে আলোচনার প্রস্তাব দিলেও এরই মধ্যে রাষ্ট্রীয় অপারেটর টেলিটক প্যাকেজ পূণর্বিন্যাস করার কাজ শুরু করেছে।